সাতক্ষীকার তালা উপজেলায় দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিশেষ অনুদান কর্মসূচির আওতায় শুক্রবার (১০ জুলাই) উপকারভোগীদের মাঝে ওই চেক বিতরণ করা হয়।
বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে নির্ধারিত কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজন সম্ভব না হওয়ায় উপকারভোগীদের সুবিধার্থে চেক বিতরণ কার্যক্রম দু’টি স্থানে সম্পন্ন করা হয়। এর মধ্যে বেলা ১১টার দিকে তালা উপজেলার এমপি অফিসে এবং দুপুর সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটা আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে উপকারভোগীদের হাতে চেক তুলে দেয়া হয়।
এ কর্মসূচির আওতায় ৪০ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অনুদানের চেক প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহ-সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম, শূরা সদস্য ও সাংবাদিক অধ্যাপক ইয়াছীন আলী সরদার, অ্যাডভোকেট মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা থাকলেও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা উপস্থিত থাকতে পারেননি।



