গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের গৌরনদীতে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ সচল রেখে প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বাদ জুমা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন মুসল্লি ও স্থানীয়রা। তাদের দাবি, নির্ধারিত প্রকল্প স্থানে মডেল মসজিদ নির্মিত হোক।
স্থানীয় লোকজন, এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী দক্ষিণ বিজয়পুর সুফী সাহেবের বাড়ির মসজিদকে মডেল মসজিদ হিসেবে নির্মাণের জন্য আওয়ামী লীগ ক্ষমতার সময়ে (২০২১ সালে সালে) একটি প্রকল্প হাতে নেয়া হয়। প্রকল্প বাস্তবায়নে মাহফুক খান নামে এক ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়।
ওই স্থানে জমি কম হওয়ায় প্রকল্পটি বাতিল হয়। পরে অন্তর্বর্তী সরকারের সময়ে প্রকল্পটি বাস্তবায়নে গৌরনদীর আশোকাঠি নামক স্থানে পুনরায় প্রকল্পটি বাস্তবায়নের জন্য নতুন ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়।
স্থানীয়রা জানান, ২০২৪ সালের এপ্রিল মাসে ঠিকাদার পাইলিং কাজ শেষ করে মূল ভবনের নির্মাণ কাজ অব্যহত রাখেন। সম্প্রতি সময়ে হঠাৎ করে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় এবং কাজটি স্থানান্তরিত করে অন্যান্য প্রকল্প বাস্তবায়নে কাজ বন্ধ করা হয়েছে বলে সংবাদ ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা এনামুল হক অভিযোগ করে বলেন, গৌরনদী মডেল মসজিদটির প্রায় ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এই সময় প্রশাসনের নির্দেশে কাজ বন্ধ করা হয়। প্রকল্পটি বাতিল করে অন্যত্র নেয়ার জন্য কাজ বন্ধ করেছে। আমি নির্ধারিত স্থানেই প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ বার বার ব্যর্থ হচ্ছে। এতে গৌরনদীর মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। অনতিবিলম্বে দ্রুত সময়ে কাজ পুনরায় শুরু করে নির্ধারিত সময়ে প্রকল্পটি সম্পন্ন করতে হবে।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, মো: শহিদুল ইসলাম ঘরামী, মো: হুমায়ুন কবির, পৌর জামায়াতের মাওলানা হাফিজুর রহমান, মুসল্লী আবু সাঈদ, নজরুল সরদার, আরিফ ফকির, মো: সোবহান সরদার, এনামুল ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



