বরগুনার পাথরঘাটায় গাছ থেকে পড়ে নূর মোহাম্মদ ঘরামী (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রদীপ দত্ত মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নূর মোহাম্মদ ঘরামী পাথরঘাটা সদর ইউনিয়নের বড়টেংরা এলাকার মরহুম সিরাজুল হক ঘরামীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সোহাগ আকন জানান, সকাল সাড়ে ৮টার দিকে তিনি গোসল করতে যাওয়ার সময় নূরকে একটি গাছের মগডালে উঠে ডাল কাটতে দেখেন। এর কিছুক্ষণের মধ্যেই চিৎকার শুনতে পান এবং দেখেন নূর ওই গাছের নিচে পড়ে আছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
চিকিৎসক প্রদীপ দত্ত জানান, পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই নূরের মৃত্যু হয়েছে। তার বাম হাত ভেঙে গেছে এবং শরীরের কয়েক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, ‘এরকম একটি ঘটনার কথা আমরা জেনেছি। পুলিশ গিয়ে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।’



