চট্টগ্রামে একই পাঞ্জাবিতে দু’দেশের ট্যাগ লাগিয়ে বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে দেশীয় তৈরি পাঞ্জাবিতে ‘মেড ইন ইন্ডিয়া’সহ দুই দেশের ট্যাগ লাগিয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ‘রাজস্থান পাঞ্জাবি’ নামের বিপণিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে দেশীয় শিল্পে তৈরি পাঞ্জাবি ‘বাংলাদেশ’ ও ‘মেড ইন ইন্ডিয়া’ দু'দেশের ট্যাগ লাগিয়ে বিক্রি এবং দামের অসঙ্গতি পাওয়ায় ‘রাজস্থান পাঞ্জাবি’ নামে একটি অভিজাত বিপণি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার (৭ মার্চ) দুপুরে ওই প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, দেশীয়ভাবে তৈরি পাঞ্জাবিকে ‘মেড ইন ইন্ডিয়া’ বলে বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি পণ্য আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। এছাড়া পণ্যের দামের ক্ষেত্রেও অসংগতি পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ‘রাজস্থান পাঞ্জাবি’ নামের প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ জানান, অভিযানের সময় রাজস্থানে একই পাঞ্জাবির গায়ে ভারতীয় ও বাংলাদেশী- দু’টি আলাদা ট্যাগ পাওয়া যায়। বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় বলে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরো জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

ভোক্তা অধিদফতর জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সূত্র : বাসস