কুমিল্লার বুড়িচং পৌরসভার মডেল অ্যাকাডেমি এলাকায় আগুনে পুড়ে গেছে দু’টি বসতঘর। এতে ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও অন্য মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
বাড়ির মালিক সিএনজি চালক মো: শরীফ বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।’
পরে পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন তিনি।
স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে দু’টি বসতঘরসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে যায়।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা দেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ঘর নির্মাণসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।



