ফরিদপুরের ভাঙ্গায় কৃষক-কৃষাণীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার হামিরদী ইউনিয়নের ঈদগাহ মাঠে এ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি উন্নয়ন সমিতির কৃষক-কৃষাণী ও সমিতির পার্শ্ববর্তী কৃষক-কৃষাণীদের মধ্যে আম, লিচু, কদবেল, লেবু, পেয়ারা, কাঁঠাল, জাম, আতা, নিম ও আমলকীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো: শহিদুল ইসলাম বাবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মো: খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদফতর, ফরিদপুর অঞ্চল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো: নজরুল ইসলাম, উপপরিচালক (লিসাসা), প্রশাসন ও অর্থ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা ও অত্র প্রকল্পের প্রকল্প পরিচালক এবং কৃষিবিদ মো: শাহাদুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদফতর, খামারবাড়ি, ফরিদপুর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুন। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাজী রমজান আলী এবং ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র প্রকল্পের মনিটরিং অফিসার মোসা: শারমিন সুলতানা।
কৃষক-কৃষাণীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, কৃষকদের বাড়তি আয় এবং পারিবারিক পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি হবে বলে আয়োজকরা জানান।



