কুয়ালালামপুরে গাড়িচাপায় বাংলাদেশী কনটেন্ট ক্রিয়েটর নিহত

অভিযোগ উঠেছে, গাড়িটি মালয়েশিয়ার এক সেনা কর্মকর্তার এবং তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। স্থানীয় পুলিশ অভিযুক্ত সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

Location :

Sarail
নিহত মোজাহিদ মিল্লাত (২৮)
নিহত মোজাহিদ মিল্লাত (২৮) |নয়া দিগন্ত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে গাড়িচাপায় বাংলাদেশী কনটেন্ট ক্রিয়েটর মোজাহিদ মিল্লাত (২৮) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে কুয়ালালামপুরে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় পর্যটক হিসেবে ঘুরতে গিয়েছিলেন মোজাহিদ ও তার স্ত্রী। গত বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুরে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী গাড়ি তাদের চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান এবং তার স্ত্রী তাবাসসুম গুরুতর আহত হন।

অভিযোগ উঠেছে, গাড়িটি মালয়েশিয়ার এক সেনা কর্মকর্তার এবং তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। স্থানীয় পুলিশ অভিযুক্ত সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে।

মোজাহিদ মিল্লাত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের বাছির মিয়া ও ঝর্না বেগম দম্পতির বড় ছেলে। তিনি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন এবং স্ত্রীকে নিয়ে সিলেটে বসবাস করতেন বলে জানা গেছে।

এদিকে মোজাহিদের মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর থেকেই শোকার্ত পরিবেশ বিরাজ করছে। মা-বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

মোজাহিদের বাবা বাছির মিয়া বলেন, ‘কিছুদিন হলো আমরা নতুন বাড়িতে উঠেছি। মোজাহিদেরও মালয়েশিয়া থেকে ফিরে বাড়িতে আসার কথা ছিল। ভাবতেই পারছি না আমার ছেলে আর নেই। আমি আমার ছেলের হত্যাকাণ্ডের বিচার চাই।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো: আবু সাঈদ জানিয়েছেন, মোজাহিদের পরিবার চাইলে প্রশাসন থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে।