বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক কারবারি আটক

আধার কার্ড ও পরিচয়পত্র জব্দ

আটক আলী হুসেন ভারতের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেফটি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

ফয়সাল আহমেদ, বড়লেখা (মৌলভীবাজার)

Location :

Barlekha
আটক ভারতীয় নাগরিক মো: আলী হুসেন
আটক ভারতীয় নাগরিক মো: আলী হুসেন |নয়া দিগন্ত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে মো: আলী হুসেন (৩২) নামে এক ভারতীয় মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৭ জুন) মধ্যরাতে তাকে আটক করা হয়। আটক আলী হুসেন ভারতের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেফটি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্র জানায়, ভারতীয় মাদক চোরাকারবারির অবৈধ অনুপ্রবেশের গোপন সংবাদে ভিত্তিতে বড়লেখা উপজেলার বিওসিটিলা বিওপি এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবি। অভিযানকালে সীমান্ত পিলার ১৩৮৯/এম থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবকুণ্ড এলাকা থেকে আলী হুসেনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা বিভিন্ন ভারতীয় পরিচয়পত্র, আধার কার্ড জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আলী হুসেন সীমান্ত চোরাচালানের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান জানান, আটক ব্যক্তি সীমান্ত চোরাচালানের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। পরে তাকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, বিজিবির সোপর্দ করা আসামিকে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।