নড়াইলে আনোয়ার হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

রাতে যশোর ও ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৬-এর যশোর ও ভাটিয়াপাড়া ক্যাম্প।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
গ্রেফতার আসামিরা
গ্রেফতার আসামিরা |নয়া দিগন্ত

নড়াইলে চোর সন্দেহে ‘মানসিক প্রতিবন্ধী’ যুবক আনোয়ার হোসেনের (৩২) হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৩ জুলাই) রাতে যশোর ও ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৬-এর যশোর ও ভাটিয়াপাড়া ক্যাম্প।

গ্রেফতাররা হলেন নড়াইল সদরের উত্তর খলিশাখালী গ্রামের নিভাস বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ (২৫) ও উত্তর খলিশাখালী গ্রামের অনাধি বিশ্বাসের ছেলে অপূর্ব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে ফরিদপুরের বোয়ালমারী থানার জয়পাশা এলাকায় অভিযান পরিচালনা করে প্রসেনজিৎকে গ্রেফতার করা হয়। এছাড়া, ওইদিন সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে যশোরের ঝিকরগাছা থানার মিশ্রী দেয়াড়া এলাকা থেকে এ মামলার ৩ নম্বর আসামি অপূর্বকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা নেয়ার জন্য গ্রেফতারদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, গত শুক্রবার ভোরে যশোরের বাঘারপাড়া থানার নারকেলবাড়িয়া থেকে ৪ নম্বর আসামি আকাশ বিশ্বাসকে (২৫) গ্রেফতার করে নড়াইল সদর থানা পুলিশ। আকাশ একই গ্রামের প্রভাষ বিশ্বাসের ছেলে। এজাহার নামীয় দুই আসামি এখনো পলাতক রয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, আসামিদের গ্রেফতারে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। আনোয়ার হত্যাকাণ্ডে ন্যায়বিচারে পুলিশের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু জানান, প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে দু’জনকে রাব-৬ এবং একজনকে সদর থানা পুলিশ গ্রেফতার করেছে।

উল্লেখ্য, গত ২৪ জুন রাতে নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামে আনোয়ারকে চোর অপবাদ দিয়ে গাছের সাথে বেঁধে সারা রাত মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ২৯ জুন রাতে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো কয়েকজনকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা করা হয়। পরে বৃহস্পতিবার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারের মৃত্যু হলে সেটি হত্যা মামলায় পরিণত হয়।