নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ বলেছেন, সাংবাদিকরা তার নিজ নিজ কর্মস্থল থেকে যে বেতন-ভাতা পেয়ে থাকেন তার মর্যাদা হিসেবে সেটা খুবই নগণ্য। সাংবাদিকদের পেশা সম্মানজনক হলেও তাদের সম্মানী সম্মানজনক নয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) নীলফামারী রিপোর্টার্স ক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য বলেন, আমাদের দেশটাকে সার্বিকভাবে নিরাপদ দেশ হিসেবে পরিবর্তন করতে না পারলে এই দেশে সাংবাদিকসহ সব পেশার মানুষ নিরাপদ থাকতে পারবেন না।
৫ আগস্টের উদ্দীপনাকে ধারণ করে বাংলাদেশের প্রত্যেকটি সরকার নিজেদের পরিণতির কথা চিন্তা করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখবে- এমনটাই প্রত্যাশা করেন তিনি ।
নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৈয়বুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন এম হামিদী বাবুর সঞ্চালনায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হামিদুল্লাহ সরকার, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি আবু সাঈদ অপু, জেলা জজ আদালতের আইনজীবি জামিল আহমেদ প্রমুখ।



