মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে সৌদি ফেরত প্রবাসীর বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা ও ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) মাধবদী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) আশিক, কলিমুল্লাহ, সজিব এবং মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনসহ জেলা পুলিশ ও ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই ভোররাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী গ্রামে সৌদি ফেরত মিলনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতদের প্রতিহত করতে গেলে তাদের ধারালো অস্ত্রের আঘাতে মিলনের বড় ভাই মো. শাহজাহান (৫৬) নিহত হন এবং তাঁর চাচা মো. সুরুজ মিয়া গুরুতর আহত হন। এ সময় ডাকাত দল স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ঘটনার পরদিন ১৯ জুলাই মাধবদী থানায় মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে নরসিংদী জেলা পুলিশ সুপার মো: আবদুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় মাধবদী থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা হলেন জুবায়ের হোসেন (২০), আশিক আহমেদ (২৩), মোজাহিদ রহমান অপু (২২), মো. সুজন মিয়া (২৫), মো. ফারুক মিয়া (৩০), রোমান (২৮) ও মো. হৃদয় মিয়া (২২)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামিদের কাছ থেকে নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করেছে। এই চক্রটি খড়িয়া এলাকার অপর একটি ডাকাতি ও কোতোয়ালিরচর এলাকার দিগন্ত হত্যা মামলার সাথেও জড়িত ছিল।
গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং লুন্ঠিত স্বর্ণালংকার ও মোবাইল উদ্ধারে পুলিশ পরিদর্শক (তদন্ত) উল্লাহ মোহাম্মদ ফয়সলের নেতৃত্বে অভিযান অব্যাহত রয়েছে।



