সাতক্ষীরায় পিকআপভ্যানের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছে।
আজ শুক্রবার সকালে সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা ইটভাটা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম সুলতান আলী (৫৬)। তিনি আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মরহুম ফজর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে ভ্যানচালক সুলতান আলী তার নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দহাকুলা ইটভাটা মোড়ে আশাশুনি থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি পিকআপভ্যান সজোরে তার ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় পিকআপভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সূত্র : বাসস



