কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকিবুল ইসলাম রুবেল (২৬) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রুবেল (৩৫) নামে আরেক যুবক।
রোববার (১৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম রুবেল উপজেলার চরফরাদী ইউনিয়েনের কাহেৎধান্দুল গ্রামের খুর্শিদ মিয়ার ছেলে। তিনি দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছেন।
আহত মোটরসাইকেল আরোহী রুবেল একই গ্রামের ইসরাইল মিয়ার ছেলে। তিনিও ব্রুনাই প্রবাসী ছিলেন। তারা দু’জন সম্পর্কে দুই বন্ধু ছিলেন এবং ঈদের ছুটিতে একই সময়ে বাংলাদেশে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রাকিবুল ইসলাম রুবেল ও আহত রুবেল মোটরসাইকেলে করে বাহাদিয়া গ্রাম থেকে বাড়ির দিকে আসছিলেন। পথিমধ্যে মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাকিবুল ইসলাম রুবেল গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল ইসলাম রুবেলকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এছাড়া আহত রুবেল চিকিৎসাধীন রয়েছেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ কাজ করছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



