শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, ২ মেয়ে আহত

মাসুদ রানা তার দুই মেয়ে মাহি আক্তার ও মনিয়া আক্তারকে নিয়ে মোটসাইকেলে স্কুলে যাচ্ছিলেন।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল |নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাসুদ রানা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তার দুই মেয়ে মাহি আক্তার (১২) ও মনিয়া আক্তার (৯)। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানের চালক রমজান আলীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার নয়নপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের মরহুম বুরহান উদ্দিনের ছেলে।

আহত মাহি আক্তার মাওনা চৌরাস্তা ন্যাশনাল মেরিট স্কুলের অষ্টম শ্রেণি ও তার ছোট বোন মনিয়া আক্তার (৯) ষষ্ঠ শেণির শিক্ষার্থী।

আটক কাভার্ডভ্যানচালক রমজান শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মমতাজ আলীর ছেলে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, মাসুদ রানা তার দুই মেয়ে মাহি আক্তার ও মনিয়া আক্তারকে নিয়ে মোটসাইকেলে স্কুলে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রং সাইড দিয়ে যাওয়ার সময় ময়মনসিংহগামী একটি মিনি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাসুদ রানা নিহত হন এবং তার দুই মেয়ে গুরুতর আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, স্থানীয়দের সহায়তায় পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও চালকসহ কাভার্ডভ্যানটি আটক করে। পাশাপাশি নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।