কালীগঞ্জে ২ ওয়ার্কশপ মালিকের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আটক ৫

‘দুই ওয়ার্কশপ মালিকের মধ্যে মেশিনের ফর্মা তৈরিকে কেন্দ্র করে বিরোধ বাঁধে। পরে তাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় ইকবাল সিকদারসহ পাঁচজনকে আটক করা হয়েছে।’

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Kaliganj
দু’ পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত
দু’ পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

গাজীপুরের কালীগঞ্জে (এবিএল গেট) পাশাপাশি দুই ওয়ার্কশপ মালিকের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় হাবিবুর রহমান হবি সিকদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু’জন।

শুক্রবার (৬ মার্চ) কালীগঞ্জ থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে, গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা।

নিহত হাবিবুর রহমান হবি সিকদার উপজেলার মধ্য খলাপাড়া গ্রামের মরহুম তালেব আলী সিকদারের ছেলে। ঘটনার পর একই এলাকার রিপন সিকদারের ছেলে ইকবাল সিকদারসহ (৩৪) পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন— খলাপাড়া গ্রামের নজরুল মোল্লার ছেলে সজিব মোল্লা (২৮) ও একই গ্রামের ফজলুর রহমানের মেয়ে জেসমিন বেগম (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক ও পার্শ্ববর্তী সিকদার ওয়ার্কশপের মালিকের মধ্যে মেশিনের ফর্মা তৈরি নিয়ে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে তাদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের ওয়ার্কশপের কয়েকজন মিলে ভাইভাই ওয়ার্কশপের মালিক সজিব মোল্লাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন।

তার চিৎকার শুনে ঘটনাস্থলের পাশে থাকা তার ফুপা হবি সিকদার এগিয়ে এলে তাকেও মারধর করে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হাবিবুর রহমান হবি সিকদারকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত সজিব মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলাম জানান, রাত পৌনে ৯টার দিকে হবি সিকদারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত জেসমিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে এবং অপর আহত সজিব মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘দুই ওয়ার্কশপ মালিকের মধ্যে মেশিনের ফর্মা তৈরিকে কেন্দ্র করে বিরোধ বাঁধে। পরে তাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় ইকবাল সিকদারসহ পাঁচজনকে আটক করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’