ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে এমভি টিটু-৫৪ নামের একটি জাহাজের ধাক্কায় এমভি সৌমি-১ নামের আরেকটি মালবাহী কার্গো জাহাজ ডুবে গেছে। এতে এমভি সৌমি-১ জাহাজে থাকা ৭০ লাখ টাকার সিমেন্ট নষ্ট হয়ে গেছে। জাহাজের মালিকের দাবি, এ ঘটনায় তার ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে দৌলতখান উপজেলার মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাহাজের মাস্টার আমিনুল ইসলাম দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে গতকাল দুপুরে দৌলতখানের মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়ে এমভি সৌমি-১। শনিবার দুপুর ১২টায় বিপরীত দিক থেকে আসা এমভি টিটু-৫৪ নামের অপর আরেকটি জাহাজ সৌমি-১কে ধাক্কা দেয়। এতে সৌমি-১ জাহাজের তলা ফেটে ডুবে যায়। পরে জাহাজে থাকা নাবিকদের স্থানীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার হয়।
ক্ষতিগ্রস্ত জাহাজের মাস্টার আমিনুল হক জানান, আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ জাহাজটি ধাক্কা দেয়ার আগে বারবার ভিএইচএফ মেরিন রেডিওতে বলা হচ্ছিল যে, জাহাজের সঙ্গে জাহাজ লেগে যাচ্ছে। কিন্তু এমভি টিটু-৫৪ জাহাজ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
তিনি আরও জানান, জাহাজে থাকা সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। এতে তাদের ৭০ লাখ ৫৬ হাজার টাকার মালামালের ক্ষতি হয়েছে।
দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান জানান, এমভি টিটু-৫৪ জাহাজের ধাক্কায় সৌমি-১ নামের জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌমি-১ জাহাজের মাস্টার আমিনুল ইসলাম এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



