জুলাই শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবার ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবি

দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

পটুয়াখালী প্রতিনিধি

Location :

Patuakhali
জুলাই ঐক্যের আয়োজনে পৌর শহরের ঝাউতলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়
জুলাই ঐক্যের আয়োজনে পৌর শহরের ঝাউতলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় |ছবি : নয়া দিগন্ত

নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার প্রতিবাদ করায় জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ, দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ, মিছিল এবং ডিসি-এসপির কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে পটুয়াখালী জুলাই ঐক্যের আয়োজনে পৌর শহরের ঝাউতলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জুলাই ঐক্য পটুয়াখালীর আহ্বায়ক আব্দুল্লাহ আন নাহিয়ান, জেলা যুব বিভাগের সভাপতি রফিকুল ইসলাম বশার, এবি পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো: কামাল হোসেন, জেলা ছাত্র শক্তির সভাপতি মিরাজ ইমতিয়াজ, জেলা ওলামা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারক লিপি প্রদান করেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা ও দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা বলেন, পটুয়াখালী-২ আসনে বাউফলের ধুলিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী ক্যাম্পেইন চলাকালে যুবদল নেতা জামাল ও রাফার নেতৃত্বে নারীদের বাধা প্রদান করা হলে তার প্রতিবাদ করায় জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশারেফ হোসেন হাওলাদারে ওপর হামলা চালানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় বাউফল থানায় এটি মামলা করা হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষীদের গ্রেফতার না করে তাদের সাথে আঁতাত করছেন।

দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।