কুড়িগ্রাম সীমান্তে নিরাপত্তা জোরদার, বিজিবির সর্বোচ্চ সতর্কতা

সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
সীমান্তে বিজিবির টহল
সীমান্তে বিজিবির টহল |নয়া দিগন্ত

কুড়িগ্রাম জেলার পুরো সীমান্ত জুড়ে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাহিনীটি। ইতোমধ্যে নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

শনিবার (৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

তিনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়নের আওতাধীন প্রতিটি বিওপি থেকে দিন-রাত নিরবচ্ছিন্নভাবে টহল পরিচালনা করা হচ্ছে।

এছাড়া সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনগণের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কার্যক্রমও অব্যাহত রয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের চলাচলের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, ‘চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।’