সিলেট মহানগর বিএনপি ও মহানগরের আওতাধীন সবকটি থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে ফেসবুকে গুজব ছড়িয়ে পড়েছে। সম্প্রতি একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ছবি দিয়ে এমন গুজব ছড়ানো হচ্ছে।
যদিও সিলেট বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন বিজ্ঞপ্তিটি ভুয়া। এতে দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভুয়া বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, সিলেট মহানগর বিএনপি এবং মহানগর আওতাধীন সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। দলীয় কেন্দ্রীয় ভুয়া এই প্যাডে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর জাল স্বাক্ষরও রয়েছে।
এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী দৈনিক নয়া দিগন্তকে জানান, আমাদেরকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। এরই অংশ হিসেবে কমিটি বিলুপ্তির ভুয়া বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে। মহানগর বিএনপির কমিটি বিলুপ্তির কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি।



