মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে দুই ব্যক্তির বাড়ির গেটের সামনে কালো টেপে মোড়ানো দু’টি বোমা সদৃশ বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দু’টি উদ্ধার করে।
বুধবার (২৯ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৪ টার দিকে উপজেলার কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নওদাপাড়া গ্রামের মো: নিজাম উদ্দিন (৭০) ও ইমদাদুল (৬৫) এই দুই ব্যক্তির বাড়ির গেটের সামনে কালো টেপে মোড়ানো বোমা সদৃশ দু’টি বস্তু রেখে যায় দুর্বৃত্তরা। সকালে বাড়ির লোকজন বিষয়টি দেখতে পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পে খবর দেন।
খবর পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো: আব্দুল করিম ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু দু’টি উদ্ধার করেন।
পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া বস্তু দু’টি পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, মো: নিজাম উদ্দিনের ছেলে এসআই নজরুল ইসলাম বর্তমানে রাজবাড়ী জেলার কালুখালী থানায় কর্মরত রয়েছেন।
তিনি জানান, রাতে কে বা কারা কী উদ্দেশ্যে তাদের বাড়ির সামনে বস্তু দুটি রেখে গেছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। পরিবারের সঙ্গে কারও বিরোধ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।
এসআই মো: আব্দুল করিম বলেন, ‘উদ্ধার করা বস্তু দু’টি বোমা কি না, তা নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। আপাতত নিরাপত্তার স্বার্থে সেগুলো পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কেউ বোমা সদৃশ বস্তু দু’টি রেখে যেতে পারে। তবে এগুলো কার্যকর বিস্ফোরক কি না, তা পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।’
মাঝে মধ্যে এ ধরনের ঘটনা এলাকায় নিয়মিত ঘটছে যা থেকে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।



