মাদারীপুরের শিবচরে জাতীয়তাবাদী তাঁতী দলের কর্মী সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ জুলাই) বিকেলে বৃক্ষরোপন ও বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিকে সামনে রেখে এ কর্মী সভা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আ: হান্নান মিয়ার সভাপতিত্বে এবং শিবচর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো: মাঈনুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।
রোববার (৬ জুলাই) বিকেল ৫টার দিকে শিবচর প্রেস ক্লাব চত্বরে এ কর্মী সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মো: মজিবুর রহমান।
প্রধান অতিথি আবুল কালাম আজাদ চৌধুরী তার বক্তব্যে বলেন,‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি বৃহৎ রাজনৈতিক দল। বিএনপি কোন ভূঁইফোড় দল নয়, এটি একটি গণতান্ত্রিক দল। বিএনপি একটি বড় দল এবং এর ১১টি অঙ্গসংগঠন রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী তাঁতীদল বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় এবং উপজেলায় দাওয়াত পৌঁছে দিচ্ছে। দীর্ঘ ১৭ বছর আমরা অনেক জুলুম-নির্যাতন সহ্য করেছি। আমরা বছরের পর বছর জেল খেটেছি, নির্যাতিত হয়েছি। তারপরও দল থেকে পিছপা হইনি।’
বিশেষ অতিথি হাজী মজিবুর রহমান তার বক্তব্যে বলেন, ‘বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আপনারা ৫ আগস্টের আগে যাদের নিয়ে চলছেন তাদেরকে নিয়ে চলবেন। দলের মধ্যে কোনো অনুপ্রবেশকারী ঢুকাবেন না। আওয়ামী লীগের কোনো প্রেতাত্মাকে দলে ঢুকাবেন না। যারা দলের নামে চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটতরাজ করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে। এক্ষেত্রে কোনোরকম আপস করা যাবে না।’
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ মাদারীপুর জেলা কমিটি বিলুপ্তি করে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এরপর মাদারীপুর জেলা কমিটি শিবচর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক মো: সিদ্দিক, জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আনিসুর রহমান আরিফ,বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাওলাদার আবুল কালাম আজাদ, মাদারীপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি আবু বকর মিয়া, শিবচর উপজেলা যুবদলের সভাপতি মো: বাকাউল করিম খানসহ অন্য নেতারা
পরিশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে কর্মী সভা শেষ হয়।



