ঝিনাইদহ প্রতিনিধি
সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়ায় আনন্দ প্রকাশ করে ঝিনাইদহে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচির উদ্যোগ নেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের পায়রা চত্বর ও আরাপপুর মোড়ে অন্তত পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এস এম মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আকিদুল ইসলাম, ড্যাব নেতা ডা. হাসানুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক দবির উদ্দিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ইফতার বিতরণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আইনমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ায় সরকারের প্রতি ঝিনাইদহের নাগরিক সমাজ কৃতজ্ঞতা প্রকাশ করে।
দোয়া ও ইফতার বিতরণ শেষে আব্দুল মজিদ বিশ্বাস বলেন, “অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ঝিনাইদহবাসীর গর্ব। আমরা বিশ্বাস করি, আইনমন্ত্রী হিসেবেও তিনি সফল হবেন। তার হাত ধরে ঝিনাইদহ উন্নয়নের শিখরে পৌঁছাবে।”



