কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক কারবারিদের গুলিতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ আহত হওয়ার ঘটনায় অভিযুক্ত আবু হানিফ অপুকে গ্রেফতার করেছে পিস্তলসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ। তিনি জানান, গ্রেফতার হওয়া আবু হানিফ অপুর বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ২৫টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত ২৫ জুন কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়। এ ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ট থানা পুলিশ যৌথভাবে সাঁড়াশি অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে অভিযান চালিয়ে আবু হানিফ অপুকে গ্রেফতার করা হয়।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা নগরীর জগন্নাথপুর এলাকা থেকে সংঘর্ষে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, আবু হানিফ অপু সংঘবদ্ধ অপরাধচক্রটির নেতৃত্ব দিতেন। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি অস্ত্র মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।


