এনআইডি-সিডিআর তথ্য চুরি

মান্দায় সার্ভার হ্যাক করে ব্যক্তিগত তথ্য বিক্রি, যুবক গ্রেফতার

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, গ্রেফতারের পর আব্দুস সালামের মোবাইল ফোন যাচাই করে একাধিক সিডিআর এবং বিভিন্ন মোবাইল নম্বরের একাধিক সর্বশেষ লোকেশন পাওয়ার কথা জানিয়েছে র‍্যাব। এসব তথ্য কীভাবে সংগ্রহ করা হয়েছে এবং তার সাথে আরো কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মান্দা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Naogaon
ব্যক্তিগত তথ্য হ্যাক ও বিক্রির অভিযোগে র‌্যাবের হাতে গ্রেফতার আব্দুস সালাম সরকার
ব্যক্তিগত তথ্য হ্যাক ও বিক্রির অভিযোগে র‌্যাবের হাতে গ্রেফতার আব্দুস সালাম সরকার |নয়া দিগন্ত

নওগাঁর মান্দায় বিভিন্ন সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য বিক্রির অভিযোগে মো: আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‍্যাব-৫)।

রোববার (১৩ সেপ্টেম্বর) রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, রোববার ভোর ৫টার দিকে মান্দা উপজেলা পরিষদের মূল ফটকের বিপরীতে প্রসাদপুর গ্রামের সরকার কম্পিউটার ও অনলাইন পয়েন্ট নামে একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতার আবদুস সালাম সরকার ও অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি পরস্পর যোগসাজশে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ডিজিটাল ডিভাইস, বিভিন্ন অনলাইন আইডি ও মোবাইল ব্যাংকিং হিসাব ব্যবহার করে বিভিন্ন সার্ভারে অবৈধভাবে প্রবেশ করতেন। পরে সেখান থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও গোপনীয় তথ্য সংগ্রহ করে অর্থের বিনিময়ে সরবরাহ করতেন।

র‍্যাব আরো জানায়, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত নির্বাচন অফিসে অস্থায়ী ভিত্তিতে কাজ করার সুবাদে আবদুস সালামের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও সার্ভারে প্রবেশের বিষয়ে ধারণা তৈরি হয়। পরবর্তী সময়ে, তিনি বিভিন্ন অনলাইন আইডি ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে টাকার বিনিময়ে এসব তথ্য সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, গ্রেফতারের পর আব্দুস সালামের মোবাইল ফোন যাচাই করে একাধিক সিডিআর এবং বিভিন্ন মোবাইল নম্বরের একাধিক সর্বশেষ লোকেশন পাওয়ার কথা জানিয়েছে র‍্যাব। এসব তথ্য কীভাবে সংগ্রহ করা হয়েছে এবং তার সাথে আরো কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুস সালাম ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নওগাঁর মান্দা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে এ চক্রের সাথে আর কারা জড়িত এবং তারা কী পরিমাণ তথ্য সংগ্রহ ও সরবরাহ করেছে, সে বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।