বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
বরিশালের বানারীপাড়ায় ২ পিস ইয়াবাসহ আটক তাপস ঋষি (২৮) ও রাসেল মল্লিক (৩৪) নামের দুই যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩১ আগস্ট) রাতে বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় উপজেলার বাইশারী এলাকায় ওই দুই যুবককে ইয়াবাসহ স্থানীয় জনতা হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত তাপস ঋষি বাইশারী গ্রামের মৃত কমল ঋষির ছেলে এবং রাসেল মল্লিক একই গ্রামের সোহরাব মল্লিকের ছেলে। তাপস পেশায় ভ্যানচালক। আইনি প্রক্রিয়া শেষে রাতেই তাদের বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে।



