ফটিকছড়িতে আপত্তিকর ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৬

‘ভুক্তভোগী নারী মামলা দায়েরের পরপরই আমরা ছয়জনকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তাদের ব্যবহৃত মোবাইলফোন তল্লাশি করে ব্ল্যাকমেইলের সপক্ষে বেশ কিছু আপত্তিকর আলামত পাওয়া গেছে। চক্রের অন্য সদস্যদের ধরতেও পুলিশ তৎপর রয়েছে।’

Location :

Fatikchhari
ব্ল্যাকমেইলের ঘটনায় গ্রেফতার ছয়জন
ব্ল্যাকমেইলের ঘটনায় গ্রেফতার ছয়জন |নয়া দিগন্ত

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে এক নারীকে আপত্তিকর ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে ছয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ভূজপুর থানায় ভুক্তভোগী নারী আটজনকে আসামি করে মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযানে নেমে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ছয় যুবক হলেন— দেবাশীষ চক্রবর্তী আশিস (২৬), জিকু দে (২৩), রনি দে (২৩), জয় দে (২৩), ইমন শীল (২১) ও মো: শাকিল (২৩)। মামলার এজাহারভুক্ত বাকি দুই আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিল্পা দে (৪৫) (ছদ্মনাম) ভূজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পোদ্দারপাড় এলাকার বাসিন্দা। প্রায় পাঁচ-ছয় বছর আগে জনৈক ব্যক্তির সাথে তার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করা হয়েছিল। পরে উক্ত ভিডিওটি কোনোভাবে অভিযুক্তদের হাতে চলে যায়।

অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে রত্না দে-কে ব্ল্যাকমেইল করে আসছিল। নিজের সামাজিক মর্যাদা ও মান-সম্মানের কথা চিন্তা করে তিনি ইতোমধ্যে অভিযুক্তদের ৭০ হাজার টাকা প্রদান করেন। তবে এতেও দমে যায়নি চক্রটি; তারা পুনরায় ৫০ হাজার টাকা দাবি করলে অতিষ্ঠ হয়ে ওই নারী আইনের আশ্রয় নিতে বাধ্য হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র বলেন, ‘ভুক্তভোগী নারী মামলা দায়েরের পরপরই আমরা ছয়জনকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তাদের ব্যবহৃত মোবাইলফোন তল্লাশি করে ব্ল্যাকমেইলের সপক্ষে বেশ কিছু আপত্তিকর আলামত পাওয়া গেছে। চক্রের অন্য সদস্যদের ধরতেও পুলিশ তৎপর রয়েছে।’