কিশোরগঞ্জের হাওরাঞ্চল মিঠামইনে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে থানা পুলিশ।
সোমবার (২ আগস্ট) সকালে মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার মোহাম্মদের নেতৃত্বে উপজেলার গোপদিঘী আহমদ বাজার এলাকায় নৌকাযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: জসিম উদ্দিন রুবেলসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
অভিযানের বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: জসিম উদ্দিন রুবেল জানান, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: ফজলুর রহমানের নির্দেশনায় মিঠামইন হাওর এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
হাওরাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নদীপথে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।



