স্বজনের লাশ আনতে গিয়ে সড়কে প্রাণ গেল ২ জনের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
চৌদ্দগ্রামে লরির পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দু’জন নিহত
চৌদ্দগ্রামে লরির পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দু’জন নিহত |নয়া দিগন্ত

স্বজনের লাশ আনতে গিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়েছে। এ সময় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা দিলে ওই লাশের দু’ স্বজন নিহত হয়েছেন।

শনিবার (৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো: সাকলাইন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে লাশ নিয়ে দ্রুতগতির লাশবাহী অ্যাম্বুলেন্স চট্টগ্রামের ভুজপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিকেল পৌনে ৫টায় মহাসড়কের বাতিসা এলাকায় অ্যাম্বুলেন্সটি একটি লরির পেছনে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে লাশের স্বজন চট্টগ্রামের ভুজপুর থানার কাজিরহাট গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ওসমান গণি নিহত ও একই গ্রামের ফুল মিয়ার ছেলে বাবুল মিয়া গুরুতর আহত হন। এরই মধ্যে অ্যাম্বুলেন্সের চালক আহত হলেও তিনি পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত বাবুল মিয়াকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাবুল মিয়ার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো: সাকলাইন বলেন, ‘দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স ও লাশ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’