পটুয়াখালীর মির্জাগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ মে) সকাল ৯টার দিকে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের সুবিদখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৈয়ব আলী মীরা (৬০) বরগুনার বেতাগী উপজেলার ছোপখালী গ্রামের নাজেম আলী মীরার ছেলে। আহত পিয়ারা বেগম (৫০) মির্জাগঞ্জ উপজেলার চরখালী গ্রামের সত্তার ঘরামীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একই দিক থেকে এসে ব্যাটারিচালিত অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় চালক ও এক যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক তৈয়ব আলী মীরাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পিয়ারা বেগমের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পলাতক বাসচালককে আটক করতে অভিযান চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



