জীবননগরে অবৈধভাবে জ্বালানি মজুতের অভিযোগে ২ ব্যক্তির কারাদণ্ড

গোপন সংবাদের ভিত্তিতে বালিহুদা বাজারে অভিযান চালানো হলে আতিয়ার রহমানের একটি মুদি দোকানে তল্লাশি করে অবৈধভাবে মজুত রাখা পাঁচ লিটার ডিজেল জব্দ করা হয়।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Jibannagar
অবৈধ জ্বালানি মজুত ঠেকাতে অভিযান
অবৈধ জ্বালানি মজুত ঠেকাতে অভিযান |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের বালিহুদা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালিহুদা বাজারে অভিযান চালানো হলে আতিয়ার রহমানের একটি মুদি দোকানে তল্লাশি করে অবৈধভাবে মজুত রাখা পাঁচ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২০ ধারায় তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

একই অভিযানে পিয়াস ফিলিং স্টেশনেও অনিয়মের প্রমাণ পাওয়া যায়। সেখানে দায়িত্বরত ম্যানেজার নজরুল ইসলামকে অবৈধভাবে তেল মজুতের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তাকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী সাত দিনের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, অবৈধ মজুত ও কৃত্রিম সঙ্কট সৃষ্টি প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।