দুর্নীতিমুক্ত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত উন্নয়ন বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় রংপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ ঘোষণা দেন তিনি। এর আগে, পরিষদে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা-কর্মচারীরা। পরে তিনি দায়িত্ব গ্রহণ শেষে তাদের সাথে বৈঠক করেন এবং বিভিন্ন সেকশন ঘুরে দেখেন। এরপর মাসিক সভায় অংশ নেন।
সাইফুল ইসলাম বলেন, ‘জেলা পরিষদের প্রতিটি সেবাকে নাগরিকবান্ধব করা হবে। পরিষদ ও নাগরিকদের মধ্যে নিবিড় বন্ধন তৈরি করতে সব ধরনের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা হবে। নাগরিকবান্ধব জেলা পরিষদ গড়ে তুলতে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রক্রিয়া অব্যাহত থাকবে। কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও অতীতের সব কাজে কোনো অনিয়ম ও দুর্নীতি হয়ে থাকলে, তা তদন্ত করা হবে।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত যে উন্নয়ন, তা বাস্তবায়নই হবে মূল উদ্দেশ্য। সব প্রকার বরাদ্দ ও উন্নয়ন কর্মকাণ্ড সুষমভাবে বাস্তবায়ন করা হবে।’
গত রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে রংপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে সাইফুল ইসলামকে নিযুক্ত করে সরকার। সাইফুল ইসলাম বর্তমানে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে কারমাইকেল কলেজে ছাত্রদলের সাথে সম্পৃক্ত হয়ে তিনি রাজনীতিতে আসেন। বিগত ১৭ বছর স্বৈরাচারবিরোধী এবং ২৪-এর জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়কারী ছিলেন তিনি। আওয়ামী লীগ আমলে হত্যা, হত্যা চেষ্টা, বিস্ফোরক আইনসহ বিভিন্ন অভিযোগে ২১টি মামলা হয়েছিল তার নামে।



