মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে সুনিল সাঁওতাল (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মে) সকালে উপজেলার রাধানগর এলাকায় একটি লেবু বাগানে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন।
নিহত সুনিল সাঁওতাল উপজেলার রাধানগর এলাকার রবিয়া সাঁওতালের ছেলে।
স্থানীয়রা জানায়, রাধানগর এলাকার কমিউনিটি ক্লিনিক সংলগ্ন একটি লেবু বাগানে বন্য শূকর তাড়ানোর জন্য কাটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছিল। বাগানটির লিজ গ্রহীতা আর্জুন মিয়া এ সংযোগ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি না জেনে সুনিল সাঁওতাল বাগানে প্রবেশ করতে গিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সদর ইউনিয়নের রাধানগর এলাকার একটি লেবু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ভোরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।’
তিনি আরো বলেন, ‘সুনিল কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, তা তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে। লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ তবে কাটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ থাকার বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।



