পিরোজপুরের জিয়ানগরে দাখিল পরীক্ষার একটি কেন্দ্রে পাঁচ পরীক্ষার্থী গণ হিস্টিরিয়ায় (মানসিক অসুস্থতা) আক্রান্ত হয়েছে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসার দাখিল পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
অসুস্থ হওয়া পরীক্ষার্থীদের মধ্যে পত্তাশী সালামিয়া দাখিল মাদরাসার তিনজন, বাগারহাট চন্ডিপুর আজিজিয়া দাখিল মাদরাসার একজন এবং কালাইয়া বালিকা দাখিল মাদরাসার একজন। অসুস্থ সকলেই মেয়ে পরীক্ষার্থী।
জানা যায়, আরবী ১ম পত্রের পরীক্ষা চলাকালে বেলা ১১টার পরে পাঁচজন পরীক্ষার্থী একে একে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার নেতৃত্বে একটি মেডিক্যাল টিম তাৎক্ষণিক পরীক্ষাকেন্দ্রে পৌঁছে তাদেরকে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে চিকিৎসা শেষে চারজন কিছুটা সুস্থ হলে তাদেরকে আবার পরীক্ষা কেন্দ্রে ফিরিয়ে আনা হয়। বিথী আক্তার নামে এক পরীক্ষার্থী এখনো হাসপাতালে ভর্তি আছে।
জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দাখিল পরীক্ষাকেন্দ্রের সভাপতি হাসান মো: হাফিজুর রহমান জানান, টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসার দাখিল পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর পাঁচজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে চারজন পরীক্ষার্থী কিছুটা সুস্থ হলে তাদের পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়। বিথী আক্তার নামে একজন হাসপাতালে ভর্তি আছে।



