ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়ায় গরুবোঝাই পিকআপ ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনায় প্রাণ গেছে ছয়টি গরুরও।
সোমবার (৬ জুলাই) বেলা সোয়া ৩টার দিকে পাকুন্দিয়া উপজেলার সুখিয়াবাজারের ব্র্যাক ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা সবাই পিকআপযাত্রী। তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহত দুইজন বাসের চালক ও সহযোগী।
নিহতরা হলেন, নরসিংদীর শিবপুর উপজেলার সদর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে পিকআপ চালক খোকন মিয়া (৩৯), একই উপজেলার কুনদাইল গ্রামের আবু সাঈদের ছেলে বিল্লাল (৩৫) ও একই গ্রামের আব্দুস সোবহানের ছেলে খুর্শিদ উদ্দিন (৬০)। আহতরা হলেন, বাসচালক শিবপুর ইটাখলা এলাকার মান্নান সরকার (৫০) ও চালকের সহযোগী একই এলাকার আমান (৩৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেল সোয়া ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে একটি গরুবোঝাই পিকআপ নরসিংদীর দিকে যাচ্ছিল। অপরদিকে যাত্রীবাহী অনন্যা ক্ল্যাসিকের একটি বাস ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার সুখিয়া বাজার এলাকায় পৌঁছালে পিকআপ ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ তিনজন নিহত হন। এসময় পিকআপে থাকা সাতটি গরুর মধ্যে ছয়টি গরু মারা যায়। এছাড়া অনন্যা ক্ল্যাসিকের চালকসহ সহযোগী গুরুতর আহত হন। এতে বাস ও পিকআপ দুটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গরুবোঝাই পিকআপ থেকে ড্রাইভারসহ নিহত তিনজনকে উদ্ধার করি। অনন্যা ক্ল্যাসিক বাসের ড্রাইভারসহ আহত দুইজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তিনি বলেন, গরুবোঝাই পিকআপের সাতটি গরুর মধ্যে ছয়টি নিহত হয়েছে এবং একটি আহত হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



