নোয়াখালী অফিস
নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে নোয়াখালী জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলেনা খাতুন নতুন এ কমিটি ঘোষণা করেন।
ঘোষিত বিভাগীয় কমিটিতে নোয়াখালী সদর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী আলাউদ্দিন আলোকে সভাপতি ও চট্টগ্রাম সদর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী এরাদত উল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
একই সাথে ঘোষিত নোয়াখালী জেলা কমিটিতে বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের আহসান উল্লা সভাপতি, চাটখিল উপজেলার সাহাব উদ্দিন সাধারণ সম্পাদক, গিয়াস উদ্দিন দুলাল সাংগঠনিক সম্পাদক ও জেলা রেকর্ডরুমের মো: নুরুল আমিন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান এবং বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ প্রশাসক মো: হারুনুর রশিদ আজাদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সৈয়দ বায়েজিদ, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



