লক্ষ্মীপুরে নিহত মা ও তিন মেয়ের দাফন সম্পন্ন

শুক্রবার (২৬ জুন) রাত ১০টায় কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামে তাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সামাজিক কবরস্থানে পাশাপাশি চার কবরে তাদের শায়িত করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
লক্ষ্মীপুরে নিহত মা ও তিন মেয়ে
লক্ষ্মীপুরে নিহত মা ও তিন মেয়ে |সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় নির্মমভাবে হত্যার শিকার মা ও তিন মেয়ের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাত ১০টায় কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামে তাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সামাজিক কবরস্থানে পাশাপাশি চার কবরে তাদের শায়িত করা হয়।

হোমনা থানার ওসি টমাস বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বিকেল সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় সড়কে তাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর লাশ নিয়ে স্বজনরা কুমিল্লা জেলার হোমনা উপজেলার লটিয়া গ্রামের উদ্দেশে রওনা হন। তাদের জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ জুন) সকালে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ধানহাটা নদীর পাড় সড়কের আমির হোসেন মাস্টারের পাঁচতলা ভবনের নিচতলার বাসায় ঢুকে শাহীনুর বেগম (৩৮), তার মেয়ে সায়মা আক্তার (২১), নাফিসা আক্তার ইকরা (১৭) ও ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফাকে (১০) কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া এলাকার মরহুম কামাল হোসেনের স্ত্রী ও তিন মেয়ে। এই পরিবারের একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত (১৮) ঘরে না থাকায় প্রাণে বেঁচে যান। হত্যা করে পালানোর সময় অন্তর মজুমদার নামের এক যুবককে আটক করে গণপিটুনি দেন স্থানীয় বাসিন্দারা। পরে তিনিও মারা যান। এ ঘটনায় বেঁচে যাওয়া সিফাত রায়পুর থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে শুক্রবার হত্যা মামলা দায়ের করেছে।