টাঙ্গাইলের গোপালপুরে মাদরাসা সুপার খুন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল হাই আল হাদী (৫০) তার নিজ বাড়িতে খুন হয়েছেন।

Location :

Gopalpur
নিহত মাওলানা আব্দুল হাই আল হাদী (৫০)
নিহত মাওলানা আব্দুল হাই আল হাদী (৫০) |নয়া দিগন্ত

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল হাই আল হাদী (৫০) তার নিজ বাড়িতে খুন হয়েছেন বলে থানায় অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নিহতের স্ত্রী শাহনাজ পারভীন পাঁচজনকে আসামি করে গোপালপুর থানায় খুনের মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, সুপার আব্দুল হাই আল হাদী(৫০) নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ বিলডগা গ্রামের মোজাফফর আলীর ছেলে। বাদী শাহনাজ পারভীন মামলায় অভিযোগ করেন, আগে থেকেই পড়শি মাহবুব গংয়ের সাথে তাদের জমিজমা নিয়ে বিরোধ ছিল। গতকাল বুধবার রাতে ছাদে জমে থাকা বৃষ্টির পানি পড়া নিয়ে মাহবুব আলীর সাথে তার ঝগড়া বাধে। এক পর্যায়ে আসামিরা কয়েকজন মিলে তার স্বামীকে পিটিয়ে আহত করে।

পরে গোপালপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। স্বামী হত্যার বিচার চেয়েছেন নিহতের স্ত্রী।

গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, আজ বৃহস্পতিবার সকালে থানায় খুনের মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।