তারেক রহমান

ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে

আমরা দেখেছি নিশি রাতের ও আমি-ডামির নির্বাচন। সেইসব দিনের অবসান ঘটিয়ে ছাত্র জনতা চব্বিশের জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছে ।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
‎বরিশালের বেলস পার্ক ময়দানে বিএনপির বিভাগীয় জনসভায় তারেক রহমান
‎বরিশালের বেলস পার্ক ময়দানে বিএনপির বিভাগীয় জনসভায় তারেক রহমান |সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। চিকিৎসা সুবিধা গ্রামে গ্রামে পৌঁছে দেয়া হবে। বাংলাদেশের নারী ও যুব সমাজকে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসা হবে। প্রত্যন্ত এলাকা থেকে প্রতিভাবান খেলোয়ারদের খুজে বের করে ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করা হবে।

তিনি বলেন, আমরা দেখেছি নিশি রাতের ও আমি-ডামির নির্বাচন। সেইসব দিনের অবসান ঘটিয়ে ছাত্র জনতা চব্বিশের জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছে ।

‎বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্টের পর গুপ্ত সংগঠনের ব্যক্তিরা এখন জালিম হিসেবে আবিভূত হয়েছে। এই জালেমদের নেতা নারীদেরকে নিয়ে কলংকিত শব্দ ব্যবহার করেছে। তাদের কাছ থেকে এদেশের নারীরা নিরাপদ নয়।

তারেক রহমান বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য বরিশাল-ভোলা ব্রিজ করতে হবে, নদী ভাঙন রোদে ব্যবস্থা নিতে হবে। অনেক কাজ বাকী আছে, এইসব কাজ করতে হলে বিএনপিকে বিজয়ী করতে হবে।

কৃষকদের সহযোগিতার জন্য হিমাগার প্রতিষ্ঠা ও কৃষি কার্ড প্রদান করার আশ্বাস দেন তিনি।

দুপুর ১২টা ২৫ মিনিটে তিনি জনসভা মঞ্চে উপস্থিত হন তারেক রহমান। বেলা ১টা ৫ মিনিট থেকে প্রায় ৩০ মিনিট বক্তব্য রাখেন তারেক রহমান।

তারেক রহমান মঞ্চে আসার আগেই লাখো জনতার উপস্থিতে বিশাল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী খন্ড খন্ড মিছিলসহ জনসভাস্থলে এসে উপস্থিত হন।

জনসভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।

জনসভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার, বরগুনা ২ আসনের প্রার্থী নুরুল ইসলাম মনি, বরিশাল-১ আসনের প্রার্থী জহির উদ্দিন স্বপন, বরিশাল জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ইলেন ভূট্রো, পিরোজপুর ২ আসনের প্রার্থী আহমেদ সুমন সোহেল সহ বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।

এছাড়াও বরিশাল বিভাগের ৬ জেলার ২১টি সংসদীয় আসনের মধ্যে ১৯ জন বিএনপি প্রার্থীর হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন তারেক রহমান।

অপরদিকে বিএনপি জোটের শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও ভোলা ১ (সদর) আসনের প্রাথী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এবং গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী -৩ (গলাচিপা-দশমিনা) আসনের প্রার্থী নুরুল হক নূরকেও বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।