সাংবাদিক ও প্রশাসনের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হতে দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশ দিয়েছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা ছাড়া আমরা কোনো কাজই করতে পারব না। সমাজের উন্নয়নে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সোমবার (১৩ এপ্রিল) শ্রীমঙ্গল শহরের পুরানবাজার এলাকায় ১৪ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে সরকারি শিশু পরিবারের (বালিকা) জন্য ট্রেনিং সেন্টার ও ডরমেটরি ভবনের নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘সাংবাদিকদেরও অনুরোধ করব শোনা কথার ভিত্তিতে নেতিবাচক সংবাদ প্রচার না করে যাচাই-বাছাই করে সঠিক তথ্য প্রকাশ করতে, তাহলেই বিভ্রন্তি কমবে।’
শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে স্থানীয় বিএনপির এক নেতার দায়ের করা মিথ্যা মামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে, বিষয়টি পর্যালোচনায় রয়েছে জানিয়ে এমপি বলেন, ‘আমাদের যুবদলের একজন নেতা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন। বিষয়টি আমার জানা আছে, আমরা দ্রুত মীমাংসার চেষ্টা করছি।’
এছাড়া শ্রীমঙ্গল শহর বাইপাস সড়ক প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ৬০ একর জমি অধিগ্রহণ প্রয়োজন, যা কৃষিজমি হওয়ায় কিছু জটিলতা তৈরি হয়েছে। পাশাপাশি প্রায় ৩৫০ কোটি টাকার বাজেটও একটি বড় বিষয়। তবে আমরা চেষ্টা করছি দ্রুত একনেকে পাঠানোর জন্য। এ ব্যাপারে ডিও লেটার দেয়া আছে, সেই সাথে তদবিরও হচ্ছে।’
নতুন ভবন নির্মাণের বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব আহমেদ নয়া দিগন্তকে জানান, প্রকল্পের আওতায় একটি পাঁচতলা ও একটি চারতলা ভবন হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে খুলনা শিপইয়ার্ড কোম্পানি এবং নির্মাণকাজ সম্পন্ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান সিমেক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, পৌর বিএনপি আহ্বায়ক মো: শামিম আহমেদ, উপজেলা যুবদলের সভাপতি মহি উদ্দিন জারুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা এবং প্রশাসনের কর্মকর্তারা।



