ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষিতে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ায় দেশের জ্বালানি সেক্টরে অস্থিরতা দেখা দিলেও চট্টগ্রাম অভিমুখী তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহি (এলএনজি) চারটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ফলে গ্যাস সঙ্কট পরিস্থিতি সামাল দেয়ার কিছুটা হলেও আপাত সুরাহা হচ্ছে। ইতোমধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করে আসা এলএনজিবাহি দু’টি ট্যাংকার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাকি দু’টিও চট্টগ্রামের পথে রয়েছে।
চট্টগ্রাম বন্দর সুত্র জানায়, কাতার থেকে এক লাখ ২৬ হাজার ৪৫৮ মেট্রিক টন এলএনজি নিয়ে ফ্রান্সের পতাকাবাহি ‘আল জোর’ ও গ্রিসের পতাকাবাহি ‘আল জাসাসিয়া’ নামে দু’টি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর মধ্যে আল জোর বহন করছে ৬৩ হাজার ৩৮৩ মেট্রিক টন ও আল জাসাসিয়া বহন করছে ৬৩ হাজার ৭৫ মেট্রিক টন।
সোমবার বাহামাসের পতাকাবাহি ‘লুসাইল’ এবং বুধবার লাইবেরিয়ার পতাকাবাহি ‘আল গালায়েল’ নামে আরো দু’টি জাহাজ বন্দরের পানিসীমায় পৌঁছানোর কথা রয়েছে।
সব মিলিয়ে চার জাহাজে এলএনজি রয়েছে প্রায় দুই লাখ ৪৭ হাজার মেট্রিক টন।
কাতারের রাস লাফান বন্দর থেকে সংঘাত শুরুর আগে হরমুজ প্রণালি পার হয়ে যায় এসব জাহাজ।
এছাড়া তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে ‘সেভান’ নামে পানামার পতাকাবাহি একটি জাহাজ রোববার পৌঁছানোর কথা রয়েছে।
এলএনজিবাহি জাহাজগুলোর লোকাল এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের সিনিয়র ডিজিএম মো: নুরুল আলম বাহার নয়াদিগন্তকে বলেন, ‘চারটি জাহাজের চট্টগ্রাম বন্দরে পৌঁছানো প্রায় নিশ্চিত। ইতোমধ্যে বন্দরে পৌঁছে যাওয়া জাহাজ দু’টি হরমুজ প্রনালীতে রেসট্রিকশন আরোপের আগেই প্রণালী অতিক্রম করে।’
চট্টগ্রাম বন্দরের পথে থাকা অপর দু’টি জাহাজ নিষেধাজ্ঞা আরোপের পরেই হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানান তিনি।
তবে কাতারের রাস লাফান বন্দর থেকে ছেড়ে আসা লাইবেরিয়ার পতাকাবাহি অপর একটি এলএনজি বোঝাই ট্যাংকার ‘লেবরাথাহ’ এখনো হরমুজ প্রণালির ভেতরে রয়েছে। জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রমের অপেক্ষায় আছে। তবে পরবর্তী চালানগুলো নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রতিমাসে এ ধরনের আট থেকে ১০টি এলএনজি বোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে বলেও তিনি জানান।
যুদ্ধ শুরুর পর চট্টগ্রাম বন্দর অভিমুখী উল্লেখিত জাহাজগুলোসহ মোট ১৫টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে এলএনজি বোঝাই জাহাজ ছাড়াও দু’টি এলপিজি এবং নয়টি সিমেন্ট ক্লিংকার বোঝাই জাহাজ রয়েছে। হরমুজ প্রণালী অতিক্রম করে আসার জাহাজগুলোর মধ্যে ১২টি ইতোমধ্যে বন্দরে পৌঁছেছে।



