কাটাগাং খাল খননকাজ উদ্বোধন

খাল খননের ফলে সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে : আরিফুল হক চৌধুরী

মৌলভীবাজার সদর উপজেলায় কাটাগাং খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Maulvibazar
কাটাগাং খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরীসহ অন্যরা
কাটাগাং খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরীসহ অন্যরা |নয়া দিগন্ত

খাল খননের ফলে সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (১৬ মার্চ) মৌলভীবাজার সদর উপজেলায় কাটাগাং খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় খাল খনন একটি যুগান্তকারী উদ্যোগ। খাল খননের ফলে সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। এতে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা বছরে দুই ফসলের পরিবর্তে তিনটি ফসল চাষের সুযোগ পাবেন।’

খাল খনন সম্পন্ন হওয়ার পর দুই তীরে বিভিন্ন ফলদ ও ঔষধি গাছ রোপণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এতে যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে, তেমনি স্থানীয় অর্থনীতিতেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।’

এর মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা আরো সুসংহত হবে বলেও আশা করেন তিনি।

জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করলে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন।’

তিনি আশা করেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশের উন্নয়ন অভিযাত্রা বাস্তবায়নে জনগণ আবারো ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে।

অনুষ্ঠানে মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নাসের রহমান, জেলা পরিষদের প্রশাসক মো: মিজানুর রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এবং বিএডিসির প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদরুল আলমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।