শোভাযাত্রা ও বর্ণিল আয়োজনে বরিশালে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে নগরীর বিএম স্কুল মাঠে নতুন বছরকে স্বাগত জানাতে এ আয়োজন করা হয়। ভোর থেকেই অভিভাবকেরা তাদের সন্তানদের নিয়ে নানা রং বেরং এর পোশাকে বাংলা নববর্ষের অনুষ্ঠানে অংশ নিতে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।
অনুষ্ঠানের শুরুতেই বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখের গান পরিবেশন করা হয়। একে একে গান, আবৃত্তি, পরিবেশন করেন শিল্পীরা। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
নববর্ষ উপলক্ষে বরিশাল বিএম স্কুল মাঠে আয়োজন করা হয়েছে তিনদিন ব্যাপী বৈশাখী মেলার।
নববর্ষের অনুষ্ঠানে আগতরা বলেন, পুরনো সব কিছু ভুলে গিয়ে নতুন কিছুর প্রত্যাশা করছি।
সকলে মিলে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় বক্ত করেন তারা।
এদিকে, সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সার্কিট হাউজ চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। এতে যোগ দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।
শোভাযাত্রা শেষে সার্কিট হাউজ চত্ত্বরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন।
বরিশাল জেলা শিল্পকলা অ্যাকাডেমি, শিশু অ্যাকাডেমি, জাসাস এবং বাংলাদেশী সাংস্কৃতিক জোটের শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করে বাংলা নববর্ষকে বরণ করে নেন।
বাংলা বর্ষবরণ উৎসবমুখর এবং শান্তিপূর্ণ করতে নগরী জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ততপর ছিলেন।



