সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ক্যাম্পাস পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
সিকৃবি পরিবেশ ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সিলেটের সহযোগিতায় আয়োজিত ক্যাম্পাস পরিষ্কার কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রক্টর, বিভিন্ন দফতরের পরিচালক, দফতর প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিকৃবি ভিসি ড. মো: আলিমুল ইসলাম বলেন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরকার ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ভিসি বলেন, অপরিকল্পিতভাবে যত্রতত্র বর্জ্য ফেলার কারণে ড্রেন, খাল ও জলাধার ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তন করে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলা সম্ভব, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও টেকসই পরিবেশ নিশ্চিত করবে।



