নীলফামারীর সৈয়দপুরে ভাড়াটিয়া পরিবারের এক কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বাড়ির মালিকের ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলাটি করেন।
অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে শহরের সাহেবপাড়া রেলওয়ে স্কুলসংলগ্ন ভোলা কসাইয়ের বাড়িতে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর পরিবার ওই বাড়িতে ভাড়া থাকে। অভিযুক্ত রায়হান, বাড়ির মালিকের ছেলে। কয়েকদিন আগে সে খুলনা থেকে সৈয়দপুরে আসে। ঘটনার রাতে কিশোরীটি ওয়াশরুমে যাওয়ার সময় অভিযুক্ত তার মুখ চেপে ধরে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে কিশোরী চিৎকার করলে তার বাবা-মা ছুটে এলে অভিযুক্ত দেয়াল টপকে পালিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর অভিযুক্তের স্বজনদের বিষয়টি জানানো হলেও তারা অভিযোগ অস্বীকার করেন। একই সাথে পরিবারটিকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এছাড়া স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটি প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে না জানানোর জন্য হুমকি দেন এবং আর্থিক প্রলোভন দেখিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে মেয়ের ভবিষ্যতের কথা বিবেচনা করে তার মা থানায় অভিযোগ দায়ের করেন। এ সময় মামলাটি গ্রহণ না করার জন্যও বিভিন্নভাবে চাপ প্রয়োগের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। তবে শেষ পর্যন্ত মামলা নথিভুক্ত হয়।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় জরিমানা দিয়ে এলাকা ছাড়া হয়ে খুলনায় গিয়ে বসবাস শুরু করে রায়হান। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিউল ইসলাম জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা করেছেন। মামলার পর প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে নীলফামারী সদর হাসপাতালে নেয়া হয়েছে। তদন্তের অগ্রগতি ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর অভিযুক্তকে গ্রেফতারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



