গাকৃবির উদ্ভাবিত কৃষি প্রযুক্তি নিয়ে সেমিনার

গবেষণার প্রকৃত সার্থকতা তখনই আসে, যখন তা কৃষকের মাঠে পৌঁছে উৎপাদন বৃদ্ধি, ব্যয় হ্রাস ও মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর
সেমিনার
সেমিনার |নয়া দিগন্ত

‘গবেষণা, উদ্ভাবন, উন্নয়ন ও সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘গাকৃবির উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতিকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সে বহিরাঙ্গন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত কৃষি প্রযুক্তি, উন্নত জাত, আধুনিক উৎপাদন কৌশল ও গবেষণালব্ধ জ্ঞান কৃষকের কাছে পৌঁছে দেয়ার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাকৃবির ভিসি অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ ও পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. মো: মসিউল ইসলাম। সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন।

সেমিনারে গাজীপুরের বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, খামারি ও উদ্যোক্তারা অংশ নেন। মূল প্রবন্ধে গাকৃবির উদ্ভাবিত প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, জলবায়ু সহনশীল কৃষি ও মাঠ পর্যায়ে এসব প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।

ভিসি বলেন, গবেষণার প্রকৃত সার্থকতা তখনই আসে, যখন তা কৃষকের মাঠে পৌঁছে উৎপাদন বৃদ্ধি, ব্যয় হ্রাস ও মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে।