বিএনপি গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষার দল বলে মন্তব্য করে ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু বলেছেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দলটি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে।’
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী নগরীর মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি আয়োজিত জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো: মিজানুর রহমান মিনু বলেন, ‘আমাদের প্রিয় মা, মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া আপসহীনভাবে নেতৃত্ব দিয়ে সারাবিশ্বে সুনাম অর্জন করেছেন। তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে দেশের জন্য কাজ করছেন।’
তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে তারেক রহমান দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তী সময়ে নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করেছে।’
ভূমিমন্ত্রী বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। তার হাতেই বিএনপির প্রতিষ্ঠা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির নেতাকর্মীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’
তিনি বলেন, ‘যেকোনো শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব শহীদ জিয়ার সৈনিকদের। মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অস্ত্র হাতে দেশের জন্য যুদ্ধ করেছেন। তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে।’
বিগত সরকারের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও নির্যাতনের অভিযোগ তুলে ভূমিমন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এবং জুলাই আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করা হয়েছে। আমাদের নেতাকর্মীরা জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন।’
দেশে নতুন করে কোনো অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘হেলমেট বাহিনী আবার দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সব অপশক্তির যেকোনো ষড়যন্ত্র রুখে দেবে বিএনপির নেতাকর্মীরা।’
তবে ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মিনু বলেন, ‘ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেয়া হবে না।’
এসব কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অন্য অতিথিদের সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক মেয়র ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা।
এছাড়া মহানগর বিএনপির সহ সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



