সিলেটে আগামী রোববার থেকে শুরু হতে যাচ্ছে শহীদ জিয়া গ্রন্থমেলা। এদিকে মেলাকে সফলের লক্ষ কমল সাহিত্য পরিষদের আয়োজনে ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা’ সফলভাবে আয়োজনের লক্ষ লেখক ও সাংবাদিকদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-এর কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমল সাহিত্য পরিষদের সভাপতি সাজন আহমদ সাজু।
তিনি বলেন, সিলেটের সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এই গ্রন্থমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং লেখক-সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণই আয়োজনকে সফলতার দিকে এগিয়ে নেবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কবি মুহিত চৌধুরী, সাংবাদিক এম জে এইচ জামিল, কবি ও সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, সাংবাদিক ও ছড়াকার লোকমান আহমদ, সাংবাদিক রেজোয়ান আহমদ, গীতিকার কয়েছ আহমদ, জিয়া স্মৃতি পাঠাগারের প্রচার সম্পাদক জুবায়ের আহমদ ও কবি নিশাত ফাতেমা প্রমুখ।
সভায় বক্তারা আসন্ন গ্রন্থমেলাকে আরো সমৃদ্ধ করতে বিভিন্ন দিকনির্দেশনা ও মতামত প্রদান করেন।
তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা’ সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত হবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও অংশগ্রহণে গ্রন্থমেলাটি সফলভাবে সম্পন্ন হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠান আগামী রোববার (৫ এপ্রিল) বিকেল ৪টায়, সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। সোমবার (৬ এপ্রিল) সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, মঙ্গলবার (৭ এপ্রিল) বৃক্ষরোপণ কর্মসূচি, বুধবার (৮ এপ্রিল) রচনা প্রতিযোগিতা, বৃহস্পতিবার (৯ এপ্রিল) আবৃত্তি প্রতিযোগিতা, শুক্রবার (১০ এপ্রিল) চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শনিবার (১১ এপ্রিল) ব্লাড ক্যাম্পেইন, রোববার (১২ এপ্রিল) ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন, সোমবার (১৪ এপ্রিল) বাংলা বর্ষবরণ অনুষ্ঠান এবং ১৫ এপ্রিল বিকেল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণীর মাধ্যমে মেলার পরিসমাপ্তি ঘটবে।



