মুন্সীগঞ্জে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৮

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। বিকেলে কথা কাটাকাটির জেরে পরিস্থিতি দ্রুত হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Sreenagar
ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সংঘর্ষ
ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সংঘর্ষ |প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে নির্বাচন পরবর্তী বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। বিকেলে কথা কাটাকাটির জেরে পরিস্থিতি দ্রুত হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হন।

আহতদের মধ্যে ধানের শীষের সমর্থক পরশ মেম্বার, স্বপন ও অপু এবং স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মমিন আলীর সমর্থক ওহাব দেওয়ান (৭৫), আলামিন (২৭) ও শুভ মাঝি (২৭)-এর নাম জানা গেছে। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা এলাকা পরিদর্শন করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, একপক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। অন্য পক্ষ এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় রাত পর্যন্ত কোনো মামলা হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।