সৌদিতে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু মিয়া নিহত

দেশটির আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়াসহ দু’জন বাংলাদেশী নিহত হন। অপরজনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন।

ফখর উদ্দিন ইমরান, কটিয়াদী (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
নিহত বাচ্চু মিয়া
নিহত বাচ্চু মিয়া |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদীর পশ্চিম ফেকামারা গ্রামের বাচ্চু মিয়া (৩৫) সৌদিতে ইরানি মিসাইল হামলায় নিহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) সৌদির স্থানীয় সময় ইফতারের আগ মুহূর্তে দেশটির আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়াসহ দু’জন বাংলাদেশী নিহত হন। অপরজনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। ক্যাম্পটির কাছাকাছি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা হয়েছে বলে জানা যায়।

নিহত বাচ্চু মিয়া কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের মরহুম রইস উদ্দিনের ছেলে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে এবং তাদের মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী।

সোমবার সকালে সরেজমিনে গিয়ে নিহতের বাড়িতে এলাকাবাসীর ভিড় দেখা যায়। জানা গেছে, পাঁচ বছর আগে সৌদি আরবে যান বাচ্চু। সংসারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম সবুজ ও মোবারক হোসেন বলেন, ‘তারা খুবই হতদরিদ্র। পরিবার ও ছেলে-মেয়েদের দায়িত্ব নিতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, ‘কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো: জালাল উদ্দীন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এ বিষয়ে সার্বিক খোঁজখবর রাখছেন। দলের পক্ষ থেকে আমরা গিয়ে সমবেদনা জানিয়েছি। পাশাপাশি নিহতের পরিবারের পাশে আছি আমরা।’

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের বাড়িতে এসে সার্বিক খোঁজখবর নিয়ে প্রাথমিক সহায়তা করেছি। পরিবারটি খুবই দরিদ্র। পর্যায়ক্রমে আরো সহায়তা দিয়ে সরকার তাদের পাশে থাকবে।’