গাজীপুরে ৫ খুন : অভিযুক্ত ফোরকান মোল্লার লাশ পদ্মা নদী থেকে উদ্ধার

ঘটনার পর থেকে ফোরকানকে গ্রেফতারে একাধিক টিম কাজ করছিল। পরে তদন্তে তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করা হয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
পদ্মা নদীতে ভেসে ওঠা লাশ
পদ্মা নদীতে ভেসে ওঠা লাশ |নয়া দিগন্ত

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত ফোরকান মোল্লার লাশ পদ্মা নদী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ।

শনিবার (১৬ মে) দুপুরে লৌহজংয়ের মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো: ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পদ্মা সেতু থেকে প্রায় চার কিলোমিটার দূরে লৌহজং উপজেলা ভূমি অফিস সংলগ্ন পদ্মা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নৌ পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

পরে গাজীপুরের কাপাসিয়া থানার পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে লাশটি ফোরকান মোল্লার বলে শনাক্ত করেন। তবে ডিএনএ পরীক্ষার পরই চূড়ান্ত নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার গাজীপুর জেলা পুলিশ সুপার মো: শরিফ উদ্দীন এক সংবাদ সম্মেলনে জানান, সিসিটিভি ফুটেজে পদ্মা সেতু থেকে এক ব্যক্তিকে নদীতে লাফ দিতে দেখা গেছে। পরিবারের ধারণা অনুযায়ী ওই ব্যক্তি ফোরকান হতে পারেন বলে উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে ফোরকানকে গ্রেফতারে একাধিক টিম কাজ করছিল। পরে তদন্তে তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করা হয়।

এ ঘটনায় কাপাসিয়া এলাকায় পাঁচজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলাটি এখন তদন্তাধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, লাশের পরিচয় নিশ্চিত হওয়ার পর তদন্তের পরবর্তী ধাপ এগোবে।